
সুমন ঘোষ, আগারতলা:
রাজধানীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শহরের একের পর এক জলাশয়গুলির সৌন্দর্যায়ন ও উন্নয়নের মাধ্যমে নাগরিক পরিকাঠামোকে আরও উন্নত করার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করছে পুর নিগম। একের পর এক কাজের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী নিজে। শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের রঞ্জিতনগরে পুকুর সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শহরের রূপ পরিবর্তনের মাধ্যমে স্মার্ট সিটির কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার সাথে শহরের যানজট কমিয়ে আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে তাঁর সরকার বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
