
ধর্মনগর:
রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন ২৭ বছর বয়সী এক যুবতী। দুর্ঘটনায় তার বা পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই একটি ট্রেন চলে আসায় দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবতী। ট্রেনের ধাক্কায় তিনি নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই তাঁকে প্রথমে পানিসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।
কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনায় তাঁর শরীরের অন্য কোনো অংশে উল্লেখযোগ্য আঘাত না লাগলেও বাম পায়ের হাঁটুর নিচের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের ওই অংশ আংশিকভাবে বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।