
কুমারঘাট:
🔴 কুমারঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার! প্রশাসন ও পুলিশের যৌথ ফ্ল্যাগ মার্চ, নির্ভয়ে ভোটদানের আশ্বাস।
আগামী ২৭ নভেম্বর কুমারঘাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন ও পুলিশ। ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে কুমারঘাট মিউনিসিপ্যাল মার্কেট-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুলিশ, TSR এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সমন্বয়ে যৌথভাবে ফ্ল্যাগ মার্চ ও রোডমার্চ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন IAS শ্রী শুভম মীনা, অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কমল দেববর্মা, কুমারঘাট মহকুমার SDPO শ্রী ডেবিট দেববর্মা-সহ সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিটি ভোটার যাতে কোনওরকম ভয়ভীতি, প্রভাব কিংবা বাধার সম্মুখীন না হয়ে স্বাধীনভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে TSR, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত জওয়ান মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মোবাইল পুলিশ ফোর্স ও রিজার্ভ বাহিনী প্রস্তুত রাখার পাশাপাশি স্ট্রংরুমের নিরাপত্তা সুনিশ্চিত করতেও গ্রহণ করা হয়েছে একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত কুমারঘাটে নির্বাচনী পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং সাধারণ নাগরিকদের প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের মূল লক্ষ্য একটাই—আগামী ২৭ নভেম্বর কুমারঘাট পৌরসভা নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। গণতন্ত্রের এই উৎসবে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন ও পুলিশ।