Home BREAKING NEWS বিরোধীরা ফেসবুকে, বিজেপি মাঠে; পুরভোটে বিরোধী শূন্যের হুঙ্কার বিধায়কের

বিরোধীরা ফেসবুকে, বিজেপি মাঠে; পুরভোটে বিরোধী শূন্যের হুঙ্কার বিধায়কের

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়া:


গোটা তেলিয়ামুড়া বিধানসভা আজ যুব মোর্চাময় হয়ে উঠেছে। তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার বিশাল পদযাত্রা ও প্রচারে কার্যত উৎসবের চেহারা নিল তেলিয়ামুড়া।
প্রসেনজিৎ সাহার নেতৃত্বে এবং আগরতলা থেকে আসা সহ-প্রভারি রানার উপস্থিতিতে গোটা যুব মোর্চা তেলিয়ামুড়ার প্রত্যেকটি ওয়ার্ডে পায়ে হেঁটে পদযাত্রা করে। পদযাত্রায় অংশ নেন মহিলা মোর্চা ও যুব মোর্চার শত শত কর্মী-সমর্থক।
বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী বলেন, শুধু আগরতলা নয়, গোটা রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রেই যুব মোর্চা এত শক্তিশালী। আগামী দিনেও যুব মোর্চাই দেশকে, রাজ্যকে দিশা দেখাবে।
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুরপরিষদের ৪টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি ১১টি ওয়ার্ডেও বিপুল ভোটে প্রার্থীরা জিতছেন, শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল সড়ক প্রচার শেষ হচ্ছে, কিন্তু ২৭ তারিখ সকাল থেকেই দল পুরো তৈরি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য।
বিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, বিরোধী কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখি জিতেন চৌধুরী মহোদয় ফেসবুকে গালাগাল দিচ্ছেন।
তাঁর কটাক্ষ, তাঁরা যত গালি দেবেন, ততই মানুষ তাঁদের থেকে সরে যাবে। কারণ আজ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছে, গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে, প্রতিটি গরিব মানুষ পিছু ৫ কেজি চাল বিনা পয়সায় পাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরে ২ লক্ষ ৬০ হাজার টাকা, গ্রামীণে ১ লক্ষ ৬০ হাজার টাকা পাচ্ছে, সামাজিক ভাতা ২ হাজার টাকা হচ্ছে। কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না, মুখ্যমন্ত্রী নিজেই ডিএ বৃদ্ধি করছেন।
তিনি আরও বলেন, যারা নিজেদের সর্বহারা দল বলে, তাদের সঙ্গে মানুষ কেন থাকবে? তাদের সঙ্গে মানুষ নেই। তাই তাঁরা ফেসবুকে আর সংবাদমাধ্যমে চিৎকার করছেন। আমরা ফেস টু ফেস কাজ করছি, জনতার কাছে যাচ্ছি, জনতার দরবার করছি, চোখে চোখ মিলিয়ে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের অভাব-অভিযোগ দূর করছি।
কংগ্রেস-সিপিএম আঁতাতকে নিশানা করে তিনি বলেন, কংগ্রেস-সিপিএম যতই আঁতাত করুক, তাদের কালো দিন মানুষ ভোলেনি। তেলিয়ামুড়ায় খুনের যে রক্তের হোলি তারা খেলেছিল, কল্যাণপুরে যে খুনের রক্তের হোলি খেলেছিল, উগ্রপন্থীর মাধ্যমে যে দাঙ্গা করেছিল — মানুষ বুঝে গেছে।
আজ কেন দাঙ্গা নেই? আজ কেন উগ্রপন্থী নেই? কারণ উগ্রপন্থী গড়ার কারিগর কমিউনিস্ট পার্টি। যতই চিৎকার করুক, যত গালিগালাজ করুক মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে — ততই তারা জনসাধারণ থেকে দূরে সরে যাবে, জনসমর্থন হারাবে।
শেষে তাঁর দৃপ্ত ঘোষণা, আগামী দিনে ত্রিপুরা রাজ্য বিরোধীশূন্য হবে।

You may also like