
ধর্মনগর ঃ নিয়ন্ত্রন হারিয়ে মুদির দোকানে অল্টো গাড়ি ঢুকে আহত দোকানি। আহত দোকানির নাম ইরেশ নাথ(৪৫), পিতা রমেশ নাথ। বাড়ি সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে। এই ভয়ঙ্কর দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমতলা বাজারের সব্জি বাজার এলাকায়।

জানা গেছে, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ TR01Y/0525 নম্বরের একটি অল্টো গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইরেশ নাথের মুদির দোকানের ভেতর ঢুকে যায়। তখন দোকানে থাকা দোকান মালিক কিছু বোঝে উঠার আগেই গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন। পত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত দোকান মালিককে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালের স্হানান্তর করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির পা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পুলিশ দূর্ঘটনাগ্রস্ত অল্টো গাড়ি সমেত গাড়ি মালিক তথা চালক কাওসার চৌধুরীকে থানায় নিয়ে যায়। অপরদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি মালিক এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে অল্টো গাড়িটি ক্রয় করে রবিবার কুমারঘাট থেকে চল্লিশদ্রুন নিজ বাড়িতে যাবার পথে ঘটে এই বিপত্তি। স্হানীয় থানার পুলিশ ঘটনার সত্যতা স্পষ্ট করে জানায়, মামলা তদন্ত পক্রিয়াধীন রয়েছে।
