
বিশ্রামগঞ্জ:
আসন্ন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। শনিবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একদিকে যেমন নবগঠিত এই নগর পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন, অন্যদিকে তেমনই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসের রাজনৈতিক জোটকে তীব্র ভাষায় আক্রমণ শানান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে শেষ মুহূর্তে সভাস্থল স্থানান্তরিত করে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে নিয়ে যাওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই সভার অন্যতম বড় চমক ছিল বিরোধীদের শিবিরে ভাঙন। এদিন খোদ কংগ্রেস প্রার্থীর পরিবারের ৬ জন ভোটার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, যা নির্বাচনের আগে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহল।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের ঐতিহাসিক রূপান্তরের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, বিশ্রামগঞ্জ দীর্ঘদিন ধরে চরম অবহেলিত অবস্থায় পড়ে ছিল। শহরের মতো যাবতীয় পরিকাঠামো ও সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্বতন সরকারের উদাসীনতায় এটি শহরের মর্যাদা পাচ্ছিল না। বহু বাধা-বিপত্তি ও বিরোধিতা সত্ত্বেও বর্তমান ‘ডাবল ইঞ্জিন’ সরকার বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তে অটল ছিল। এরই ফলস্বরূপ প্রথমবারের মতো ১১টি ওয়ার্ড বিশিষ্ট বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এলাকার আধুনিকীকরণ, রাস্তার উন্নয়ন, পানীয় জল ও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করতেই সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদের আদর্শহীন জোটকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবসময় বলে এসেছি, দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি। আজ রাজ্যের মানুষের সামনে তা দিবালোকের মতো প্রমাণিত—এখন সিপিএম ও কংগ্রেসের পতাকা একই কাঁধে ঘুরছে।” তিনি আরও দাবি করেন, রাজ্যজুড়ে বিরোধীদের জনভিত্তি সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। ধর্মনগর ও পানিসাগরের মতো জায়গায় বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থীই খুঁজে পাচ্ছে না। সাধারণ মানুষ ধীরে ধীরে বিরোধীদের দ্বিচারিতা বুঝতে পারছে এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে উন্নয়নের পক্ষে শামিল হচ্ছে।
বক্তব্যে সিপিআইএমের দীর্ঘ ৩৫ বছরের শাসনকালের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাম আমলে রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং বিরোধী কর্মীদের অপহরণ করে আটকে রাখার মতো নৃশংস ঘটনা ঘটত। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতাদের সাম্প্রতিক ‘জঙ্গি আন্দোলন’ সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করে ডাঃ সাহা বলেন, “যারা একসময় রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল, তারাই আজ গণতন্ত্র রক্ষার বুলি আওড়াচ্ছে।”
মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিজেপি গুন্ডামি বা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে সুশাসন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।
পরিশেষে, নবগঠিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি আধুনিক শহর গড়ে তুলতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য এলাকাবাসীর কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিনের এই নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা উত্তর জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস, চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাস সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব।
