Home BREAKING NEWS ৫৮ দিনেও নিষ্পত্তি নেই..! স্তব্ধ গোমতী জেলার সমস্ত আদালত..!

৫৮ দিনেও নিষ্পত্তি নেই..! স্তব্ধ গোমতী জেলার সমস্ত আদালত..!

by News On Time Tripura
0 comment

উদয়পুর:


সাত দিনের চরম সময়সীমা দিয়েও বিরোধের নিষ্পত্তি না হওয়ায় এবার গোটা গোমতী জেলার বিচারপ্রক্রিয়া কার্যত স্তব্ধ করে দিলেন আইনজীবীরা। উদয়পুর জেলা ও দায়রা আদালতের বিচারপতি রবি দাইয়ার সঙ্গে আইনজীবীদের চলমান বিরোধ ৫৮ দিন পেরিয়েও অমীমাংসিত। বিচারপতিকে সরানোর দাবিতে জেলার সমস্ত আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছে গোমতী জেলা বার অ্যাসোসিয়েশন।
বার অ্যাসোসিয়েশনের দাবি, গত কয়েক মাসে একাধিকবার ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক স্তরে অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েও কোনও কার্যকর সমাধান মেলেনি। বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, পেশাগত মর্যাদায় আঘাত এবং বিভিন্ন বিচারিক কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যদিও অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই জরুরি।
সবচেয়ে বড় প্রশ্ন, বারবার অভিযোগ জানানোর পরও হাইকোর্টের প্রশাসনিক ভূমিকা এতদিন নীরব কেন? এই বিরোধের মাশুল দিতে হচ্ছে সাধারণ বিচারপ্রার্থীদের। আদালতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় বাড়ছে তাঁদের দুর্ভোগ।
বিচারক ও আইনজীবীদের মধ্যে বিরোধের প্রভাব কোনওভাবেই সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকারে পড়া উচিত নয়। এখন গোটা জেলার নজর ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। ৫৮ দিনের অচলাবস্থা কাটিয়ে বিচারব্যবস্থায় স্বাভাবিক পরিবেশ ফিরবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন।

You may also like