Home BREAKING NEWS সিপিএম-কংগ্রেসের জোটে জল..! ধর্মনগরে সবকয়টি আসনে কংগ্রেসের প্রার্থী

সিপিএম-কংগ্রেসের জোটে জল..! ধর্মনগরে সবকয়টি আসনে কংগ্রেসের প্রার্থী

by News On Time Tripura
0 comment

ধর্মনগর:

ধর্মনগর পৌর নির্বাচনে বাকি ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করল কংগ্রেস, প্রকাশ্যে প্রার্থীদের নাম।

আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গত ২ নভেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ৯টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। বাকি থাকা ১১টি আসনে আজ, বুধবার দুপুর ১টা থেকে পর্যায়ক্রমে মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস মনোনীত প্রার্থীরা।

এদিন ধর্মনগরের মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে রণবীর নাথ, ২ নম্বর ওয়ার্ডে মানিস মালাকার, ৩ নম্বর ওয়ার্ডে সাবিত্রী রানী দেবনাথ এবং ৪ নম্বর ওয়ার্ডে পুরব নারায়ণ চৌধুরী।

এছাড়াও ১০ নম্বর ওয়ার্ডে রত্না মাহিষ্য দাস, ১০ নম্বর ওয়ার্ডে রুবি দাস, ২৫ নম্বর ওয়ার্ডে মনমোহন নাথ চৌধুরী, ১৫ নম্বর ওয়ার্ডে অনিতা গুয়ালা, ১৯ নম্বর ওয়ার্ডে প্রয়তুস নাথ, ২০ নম্বর ওয়ার্ডে মল্লিকা দাস এবং ২৪ নম্বর ওয়ার্ডে কাকলি পাল মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্য দিয়ে ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে মোট ২০টি আসনেই প্রার্থী দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করল ভারতীয় জাতীয় কংগ্রেস।

এদিকে, ধর্মনগরের মহকুমা শাসক তথা ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বমোট ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। দলভিত্তিক হিসাব অনুযায়ী, সিপিআইএমের পক্ষ থেকে ১টি, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ১১টি এবং টিপিপির পক্ষ থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

অন্যদিকে, আসনের সংরক্ষিত শ্রেণি অনুযায়ী সাধারণ আসনে ৫টি, মহিলা সংরক্ষিত আসনে ৬টি এবং তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক।

সব মিলিয়ে ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা ক্রমশ বাড়ছে। মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষে এবার নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের দিকে নজর রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের।

You may also like