
রাসেল আহমেদ, ১০ নভেম্বর, ২০২৬:
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনও আইনগত সুযোগ নেই। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডিত কোনও ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এক্তিয়ার সরকারের নেই।
মঙ্গলবার দুপুরে ট্রাইবুনাল চত্বরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে কটাক্ষ করেন চিফ প্রসিকিউটর। তিনি পরামর্শের সুরে বলেন, “শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তবে তাঁর উচিত ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানানো। তিনি নয়াদিল্লিকে লিখিতভাবে অনুরোধ করুন, যাতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার ক্ষেত্রে সেটাই হবে তাঁর জন্য সবচেয়ে সঠিক পথ।”
সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। সেই উদ্দেশ্যে নিজের নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ঢাকার কাছে আবেদন জানিয়েছেন তিনি। সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে এই সংক্রান্ত একটি চিঠি জমা দেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবারই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনওভাবেই পাসপোর্ট বা পরিচয়পত্র দেওয়া হবে না।

এ দিন সেই সিদ্ধান্তের আইনি ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশের আইন বলছে, কোনও ব্যক্তি পাসপোর্ট আবেদনের পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে যদি ন্যূনতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দেবে না। এছাড়া নৈতিক স্খলনের (মরাল টারপিটিউড) দায়ে দোষী সাব্যস্ত হলেও পাসপোর্ট বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মতো চরম নৈতিক স্খলনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাঁকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না।”
একইসঙ্গে আমিনুল জানান, ফাঁসির রায় ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে হাসিনা কোনও আপিল করেননি, ফলে সেই আইনি সুযোগও তিনি হারিয়েছেন। তাঁর কথায়, “হাসিনার যদি সত্যিই দেশে ফেরার সদিচ্ছা থাকত, তবে তিনি বিচার চলাকালীন দেশে এসে আইনি লড়াই লড়তেন কিংবা রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফিরে আপিল করতেন।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট তীব্র গণবিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকালে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যেই নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছে ঢাকা। অন্যদিকে, দেশে ফিরলে গ্রেফতারি বা ফাঁসির সাজা কার্যকর হওয়ার ঝুঁকি থাকলেও হাসিনা জানিয়েছেন, মৃত্যুর ভয় তাঁকে আটকাতে পারবে না এবং তিনি নিজের দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান।
