
পিলাক:
প্রায় দুই বছর ধরে বেহাল রাস্তা, ভাঙা কালভার্ট! দুর্ভোগে পশ্চিম পিলাকের জাঙ্গালিয়া এলাকাবাসী। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকায় দীর্ঘ প্রায় দুই বছর ধরে বেহাল রাস্তা ও ভাঙা কালভার্টের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদেরও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে কাদায় ভরে যায় রাস্তা, আর ভাঙা কালভার্ট হয়ে উঠেছে বিপজ্জনক।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,২০২৩ সালে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পর প্রায় তিন বছর অতিবাহিত হতে চললেও জাঙ্গালিয়া এলাকার রাস্তা ও কালভার্টের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে, সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা ছবি ও প্রচার দেখা গেলেও বাস্তবে এলাকার মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ তাঁদের।এলাকাবাসীর আরও অভিযোগ,কয়েকদিন আগে এক গর্ভবতী মহিলাকে কাঁধে করে কাদামাখা রাস্তা দিয়ে নিয়ে যেতে বাধ্য হন স্থানীয়রা।শুধু তাই নয়,ভাঙা কালভার্টের নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এক স্কুলপড়ুয়া ছাত্র। পরবর্তীতে এলাকার মানুষ দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।এলাকার মানুষের আশঙ্কা, এভাবে রাস্তা ও কালভার্ট বেহাল অবস্থায় পড়ে থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি কোনও বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের গাড়ি কীভাবে দুর্গম ও কাদামাখা রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ হয়ে দ্রুত রাস্তা সংস্কার এবং ভাঙা কালভার্ট পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয়, সংবাদমাধ্যমে এই সমস্যা উঠে আসার পর সংশ্লিষ্ট দপ্তর কতটা গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং কবে নাগাদ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।
