রাসেল আহমেদ, ২২ নভেম্বর, ২০২৬: শহরাঞ্চলের পুর নির্বাচনে এগিয়ে থাকলেও রাজস্থানের গ্রামীণ এলাকার জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে ধাক্কা খেল রাজ্যের শাসকদল বিজেপি। রাজস্থান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রামীণ ভোটে বড়সড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী কংগ্রেস। ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা-সহ রাজ্যের ১৭ জন মন্ত্রী এবং তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর এলাকাতেও বিজেপির তুলনায় ভালো ফল করেছে কংগ্রেস। পাশাপাশি, আঞ্চলিক দল, বামফ্রন্ট এবং নির্দল প্রার্থীরাও বেশ কিছু আসনে নজরকাড়া ফল করেছেন।
রাজস্থান নির্বাচন কমিশনের প্রকাশিত শেষ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ফলাফলের চিত্রটি নিম্নরূপ:
- জেলা পরিষদ (১,২৭১টি আসন): কংগ্রেস জয়ী হয়েছে ৭৯৪টি আসনে এবং বিজেপি পেয়েছে ৩৫৭টি আসন। এছাড়া বিজেপির প্রাক্তন শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৫১টি, নির্দল প্রার্থীরা ১৩টি, সিপিএম ৭টি এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) ৬টি আসনে জয়লাভ করেছে।
- পঞ্চায়েত সমিতি (৭,৫২০টি আসন): কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩,৭৫৮টি আসন এবং বিজেপি জিতেছে ২,২১৩টি আসন। অন্য দিকে, নির্দল প্রার্থীরা ৬৬২টি, আরএলপি ৪৯৭টি, ভারত আদিবাসী পার্টি (বিএপি) ২৭৮টি, বিএসপি ৬০টি এবং সিপিএম ৫০টি আসনে জয় পেয়েছে।
উল্লেখ্য, এখনও পুরোপুরি ফলাফল প্রকাশিত হয়নি। কোটা, বারান, করৌলি এবং শ্রী গঙ্গানগর— এই চার জেলার ভোটগণনা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

এর আগে গত সেপ্টেম্বরে রাজস্থানের ৩০৯টি পুর এলাকার ১০,২৪৫টি ওয়ার্ডে দু’দফায় নির্বাচন হয়েছিল। সেই শহুরে ভোটে ৪,১৭৯টি ওয়ার্ড জিতে এগিয়ে ছিল বিজেপি; কংগ্রেস পেয়েছিল ৩,৬১৩টি এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২,২৭৩টি ওয়ার্ড। কিন্তু গ্রামীণ ভোটে সেই ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, অবৈধ দখল এবং জনকল্যাণমূলক পরিষেবার অভাবের মতো বিষয়গুলি এই নির্বাচনে প্রভাব ফেলে থাকতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, শাসকদলের স্থানীয় বিধায়ক ও নেতাদের প্রতি মানুষের অসন্তোষ এবং দলীয় গোষ্ঠীদ্বন্দ্বই বিজেপির এই ফলের মূল কারণ।
এই ফলাফলের পর মানুষের রায় মাথা পেতে নেওয়ার কথা জানিয়ে আত্মবিশ্লেষণের বার্তা দিয়েছে বিজেপি। তবে একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছেন রাজস্থান বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর। তাঁর বক্তব্য, যে কংগ্রেস এত দিন নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে কমিশনকে প্রশ্নবিদ্ধ করছিল, রাজস্থানের এই ফলাফলের পর তাদের উচিত নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাওয়া।
অন্য দিকে, গ্রামীণ ভোটের এই ফলাফলকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার ইস্তফার দাবি তুলেছে কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরার দাবি, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে গ্রামীণ ভোটারেরা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন।
আগামী মাসেই রাজস্থানে ক্ষমতার তিন বছর পূর্ণ করবে বিজেপি সরকার এবং ২০২৮ সালে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দু’বছর পরের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল তৃণমূল স্তরে কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে যেমন বাড়তি অক্সিজেন জোগাবে, তেমনই শাসকদল বিজেপিকেও নিজেদের খামতির জায়গাগুলি চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দেবে।
