রাসেল আহমেদ, ২২ নভেম্বর, ২০২৬:
চলতি বছরের মে মাসে পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে দেশবাসীকে এক বছর কম সোনা কেনার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সেই প্রসঙ্গ স্মরণ করে প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর মতো একজন সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে ভারতবাসী সোনা কেনা কমিয়েছেন এবং এর ফলে দেশের অর্থ সঞ্চয় হয়েছে ও সোনার দামও কমেছে। দেশবাসীর এই মনোভাবের প্রশংসা করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গও টেনে আনেন তিনি।

শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছর দয়া করে সোনা কিনবেন না। আমি আনন্দিত যে, দেশবাসী সেই আহ্বানে সাড়া দিয়েছেন। লালবাহাদুর শাস্ত্রীজি যেমন এক সময় দেশবাসীকে এক বেলা খাবার বাদ দিতে বলেছিলেন এবং দেশ তাঁর ডাকে সাড়া দিয়েছিল, এখনও ঠিক তা-ই ঘটেছে।”

উল্লেখ্য, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশে তীব্র খাদ্যসঙ্কট তৈরি হয়েছিল। সেই আবহে আমেরিকা ভারতকে খাদ্যদ্রব্য সরবরাহ বন্ধ করার হুমকি দিলে তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দেশবাসীর কাছে সপ্তাহে অন্তত এক দিন এক বেলা উপবাস থাকার আবেদন জানিয়েছিলেন। নিজে ও নিজের পরিবার থেকে সেই নিয়ম শুরু করে তিনি দেশজুড়ে সংহতি ও আত্মত্যাগের বার্তা দিয়েছিলেন।
গত মে মাসে পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে বিশ্বজুড়ে আর্থিক অনিশ্চয়তা তৈরি হলে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে একাধিক ব্যয়সংকোচনমূলক পদক্ষেপের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর মূল আর্জি ছিল, বাড়িতে যে অনুষ্ঠানই থাকুক না কেন, দেশহিতে আগামী এক বছর সোনার গয়না কেনা থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাখ্যা ছিল, সোনা আমদানি করতে গিয়ে ভারতের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়; তাই সঙ্কটের সময়ে সোনা দান করার প্রয়োজন না থাকলেও তা না কিনে বৈদেশিক মুদ্রা বাঁচানোই হবে দেশের প্রতি প্রকৃত অবদান।
পরিসংখ্যান অনুযায়ী, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সোনা ক্রেতা দেশ। প্রতি বছর দেশে প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনার চাহিদা থাকে, যার বিপরীতে দেশে উৎপাদিত হয় মাত্র এক থেকে দু’টন। ফলে প্রয়োজনের প্রায় ৯০ শতাংশ সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এই বিপুল আমদানি খরচ কমানোর পাশাপাশি সে সময় প্রধানমন্ত্রী পেট্রল-ডিজ়েল, ভোজ্য তেল ও রাসায়নিক সারের ব্যবহার কমানো, এক বছর বিদেশ ভ্রমণে রাশ টানা, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং বিদেশি পণ্য বর্জনের মতো একাধিক বিষয়েও দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

