Home BREAKING NEWS নির্বাচন দোরগোড়ায়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তার বেহাল দশা..! জনমনে ক্ষোভ

নির্বাচন দোরগোড়ায়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তার বেহাল দশা..! জনমনে ক্ষোভ

by News On Time Tripura
0 comment

সাব্রুম:

সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাব্রুম বয়েজ স্কুল থেকে বৈষ্ণবপুরের দিকে যাওয়ার রাস্তাটির অবস্থা বর্তমানে অত্যন্ত বিপজ্জনক। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে থাকায় বাইরে থেকে সেই গর্তগুলি বোঝার কোনও উপায় নেই। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়িচালকদের।স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহনও। শুধু এই একটি রাস্তা নয়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার আরও বেশ কয়েকটি রাস্তার একই অবস্থা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও সংশ্লিষ্ট পূর্ত দপ্তর এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ নগরবাসীর।রাস্তার এই বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। প্রতিদিনের যাতায়াতে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব যাঁদের, তাঁরা কেন এখনও নীরব?এদিকে, আগামী দিনে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তার এই সমস্যাগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নগরবাসীর দৈনন্দিন সমস্যার সমাধান নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মত অনেকের।যদিও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, সেই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়।সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে সাব্রুম নগরবাসীর একটাই দাবি,অবিলম্বে রাস্তার গর্তগুলি মেরামত করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক।

You may also like