রাসেল আহমেদ, ২২ নভেম্বর ২০২৬:
আসন্ন পুর-পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিশালগড়ে নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে মেগা রোড শো এবং জনসভার মাধ্যমে দলীয় প্রার্থীদের সমর্থনে শক্তি প্রদর্শন করল শাসকদল। সভামঞ্চ এবং রোড শো থেকে বিশালগড় পুর-পরিষদের বিজেপি মনোনীত ১৩ জন প্রার্থীকে দু’হাত ভরে আশীর্বাদ করে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, আগামী ২ তারিখ ব্যালটের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার আবেদনও জানান তিনি।
শনিবার প্রথমে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর বিকেলে তিনি বিশালগড়ে পৌঁছান এবং অফিসটিলা বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দেন। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন এবং পুর-এলাকার সার্বিক বিকাশের স্বার্থে বিজেপির বোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে নিচুতলার কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, সাধারণ মানুষকে উন্নয়ন ও সুশাসনের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

জনসভা শেষ হতেই অফিসটিলা বাজার এলাকা থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য রোড শো বের করে বিজেপি। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রোড শোটি বিশালগড় বাজারের প্রধান সড়ক পরিক্রমা করে ব্রিজ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শনিবার মুখ্যমন্ত্রীর এই রোড শো এবং নির্বাচনী প্রচারকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে, তেমনই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আগামী ২ তারিখের নির্বাচনে বিশালগড়ে পদ্মফুলের জয় কেবল সময়ের অপেক্ষা।

