
নিজস্ব প্রতিনিধি, ১৩ নভেম্বর, ২০২৬:
বেপরোয়া গতিতে ছুটে আসা বিলাসবহুল রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল এক অ্যাপ বাইক সওয়ারির। গুজরাতের অহমদাবাদে ঘটা এই মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর অভিযুক্ত গাড়িচালক রাঘবেন্দ্র কুশওয়াহাকে (৩৫) গ্রেফতার করল পুলিশ। ধৃত রাঘবেন্দ্র পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী এবং বাপুনগরের বিজেপি বিধায়ক দীনেশসিংহ কুশওয়াহার ভাইপো।
সূত্রের খবর, গত মঙ্গলবার সারা রাত গান্ধীনগরের কালোলে চার বন্ধুর সঙ্গে পার্টি করেছিলেন রাঘবেন্দ্র। বুধবার ভোরে বন্ধুদের সঙ্গে ওই রেঞ্জ রোভার গাড়িতে চেপেই বাড়ি ফিরছিলেন তিনি। সকাল ৭টা নাগাদ অহমদাবাদের শিলাজ সার্কলের কাছে তাঁর দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি র্যাপিডো বাইকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ।
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইকের পিছনের আসনে বসে থাকা যাত্রী হর্ষভাই পুরবিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম হন ওই অ্যাপ বাইকের চালকও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানে এখনও তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে অহমদাবাদ পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে মৃত হর্ষভাইয়ের পরিবার। তাঁদের অভিযোগ, অভিযুক্ত যুবক প্রভাবশালী বিজেপি বিধায়কের ভাইপো হওয়ায় শুরু থেকেই তাঁকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ। দুর্ঘটনার সময় রাঘবেন্দ্র মত্ত অবস্থায় ছিলেন কি না, তা যাচাই করার জন্য কোনও মেডিক্যাল পরীক্ষা করানো হয়নি বলে দাবি পরিবারের। এমনকি, প্রাথমিক পর্যায়ে অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে সেখান থেকেই জামিন দিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে। অবশেষে প্রবল চাপের মুখে দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
