Home Uncategorized কাজিরাঙায় মিনিবাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ: নিহত অন্তত ২৬, মৃতদের অধিকাংশই কলেজ পড়ুয়া

কাজিরাঙায় মিনিবাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ: নিহত অন্তত ২৬, মৃতদের অধিকাংশই কলেজ পড়ুয়া

by News On Time Tripura
0 comment

নিজস্ব প্রতিনিধি, ১৩ নভেম্বর, ২০২৬:

অসমের কাজিরাঙায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী মিনিবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ২৬ জন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন যাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হতাহতদের অধিকাংশই কলেজপড়ুয়া। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ৩৫ জনেরও বেশি যাত্রী নিয়ে মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। কাজিরাঙার কাছে রঙ্গাজান এলাকায় উল্টো দিক থেকে আসা কর্নাটকের নম্বর প্লেটযুক্ত একটি ট্রাকের সঙ্গে বাসটির সজোরে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মিনিবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ভিতরেই আটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনেই দ্রুত উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। প্রত্যক্ষদর্শীদের কথায়, সাম্প্রতিককালে এমন ভয়াবহ দুর্ঘটনা তাঁরা দেখেননি। দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে যাত্রীদের বার করে আনতে উদ্ধারকারীদের রীতিমতো বেগ পেতে হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আরও কয়েক জন প্রাণ হারান।

গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “দেহগুলি উদ্ধার করার কাজ চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই অত্যন্ত সঙ্কটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।” প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মিনিবাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। এমনকি দুর্ঘটনার কিছুক্ষণ আগে কাজিরাঙা পার্কের সামনেও বাসটি ট্রাফিক আইন ভেঙেছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা মারেন বলে মনে করা হচ্ছে।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওই মিনিবাস বা ট্রাভেলারটির বিরুদ্ধে। জানা গিয়েছে, এর আগেও মোট ১২ বার ট্রাফিক আইন ভাঙার রেকর্ড রয়েছে গাড়িটির। তার জন্য ইতিপূর্বে সাড়ে ৩৮ হাজার টাকা জরিমানাও গুনতে হয়েছিল, এবং এখনও ৪ হাজার টাকার একটি জরিমানা বকেয়া রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। জখম যাত্রীদের চিকিৎসায় যাতে কোনও রকম ত্রুটি না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

You may also like