Home Uncategorized সরকারি গেস্ট হাউসে রমরমিয়ে চলছে অবৈধ কার্যকলাপ! বিনা রেজিস্ট্রারে রুম ভাড়া, পুলিশের জালে আটক পুলিশ কনস্টেবলের স্ত্রী সহ এক যুবক।

সরকারি গেস্ট হাউসে রমরমিয়ে চলছে অবৈধ কার্যকলাপ! বিনা রেজিস্ট্রারে রুম ভাড়া, পুলিশের জালে আটক পুলিশ কনস্টেবলের স্ত্রী সহ এক যুবক।

by News On Time Tripura
0 comment

নিজস্ব প্রতিনিধি, ১৩ নভেম্বর, ২০২৬:

পর্যটকদের জন্য তৈরি সরকারি গেস্ট হাউস এখন পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপ ও মধুচক্রের এক নিরাপদ আস্তানায়। বৈধ পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রার খাতায় নাম লিপিবদ্ধ না করেই, স্রেফ মোটা টাকার বিনিময়ে অবাধে রুম ভাড়া দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এবং লজ্জাজনক এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে কমলাসাগরের মিয়াপাড়ায় অবস্থিত পর্যটন দপ্তরের অধীনে থাকা সরকারি গেস্ট হাউস ‘বলাকা টুরিস্ট লজ’-এ। শুক্রবার বিকেলে মধুপুর থানার পুলিশের একটি অতর্কিত অভিযানে ফাঁস হয় এই মারাত্মক কেলেঙ্কারি।

পুলিশের জালে আটক পুলিশ কনস্টেবলের স্ত্রী সহ এক যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে মধুপুর থানার পুলিশ বলাকা লজে আচমকা হানা দেয়। তল্লাশি চালিয়ে লজের ভেতর থেকে হাতেনাতে আটক করা হয় কৈয়াঢেপার বাসিন্দা ইমন হোসেন নামের এক যুবককে। তবে প্রশাসনের চক্ষু চড়কগাছ হয় তার সঙ্গিনীকে দেখে। আটক হওয়া ওই মহিলা সম্পর্কে খোদ ত্রিপুরা পুলিশের একজন কর্মরত কনস্টেবলের স্ত্রী! খোদ রক্ষকের পরিবারের সদস্যের এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ার খবরে গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুসন্ধানে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য। জানা যায়, মিয়াপাড়া চা-বাগান এলাকার কুখ্যাত দালাল রঞ্জিত দাসের হাত ধরেই এই চক্রটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। শুক্রবারও এই রঞ্জিত দাসই দশ হাজার টাকার চুক্তির বিনিময়ে ওই দুজনকে বলাকা লজে নিয়ে আসে। টাকার লোভে অন্ধ হয়ে লজ কর্তৃপক্ষ সরকারি সমস্ত নিয়মকানুন শিকেয় তুলে তাদের হাতে রুমের চাবি তুলে দেয়। অতিথিদের কোনো ধরনের সচিত্র পরিচয়পত্র (ID Proof) নেওয়া হয়নি, এমনকি নিয়মমাফিক লজের রেজিস্ট্রার খাতাও তাদের নাম এন্ট্রি করা হয়নি।

মিয়াপাড়া চা-বাগান এলাকার কুখ্যাত দালাল রঞ্জিত দাস।

পুলিশি অভিযানের পর উত্তেজিত জনতা ও উপস্থিত ব্যক্তিবর্গ গেস্ট হাউসের ম্যানেজার রাজু রাজ রিয়াংকে ঘিরে ধরে জবাবদিহি চান। চাপের মুখে পড়ে তিনি নিজের চরম ব্যর্থতা, গাফিলতি ও দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নেন। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ম্যানেজার রাজু রাজ রিয়াং একজন ১৭ বছরের নাবালকের কাঁধে গোটা গেস্ট হাউসের দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে সেখান থেকে চলে গিয়েছিলেন। একটি সরকারি গেস্ট হাউসে এমন অনৈতিক পরিবেশে একজন নাবালককে দিয়ে কাজ করানো শিশুশ্রম আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন এবং অমানবিক।

নিয়ম অনুযায়ী, সরকারি হোক বা বেসরকারি—যেকোনো হোটেল বা গেস্ট হাউসে কোনো অতিথিকে ঘর ভাড়া দিতে হলে তার বৈধ পরিচয়পত্র সংগ্রহ করা এবং রেজিস্ট্রারে নাম-ঠিকানা লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। কিন্তু কমলাসাগরের মতো গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্রের সরকারি লজে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন বেআইনি কাজ চলছিল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও লজ কর্তৃপক্ষের একাংশের যোগসাজশ ছাড়া এমন কাজ দিনের পর দিন চলতে পারে না। অবিলম্বে এই ঘটনার একটি উচ্চপর্যায়ের তদন্ত করে ম্যানেজার, দালাল সহ যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি তুলেছেন এলাকার সচেতন নাগরিকরা।

গেস্ট হাউসের ম্যানেজার রাজু রাজ রিয়াং।

You may also like