
ডেস্ক রিপোর্টঃ
খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের ফের নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং নাগাল্যান্ড—এই সাত রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
আগে নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ‘ফর্ম ৬’ পূরণ করে আবেদন করতে পারবেন। তবে পুরনো ভোটারদের নতুন ভোটার হিসেবে এই ফর্ম জমা দেওয়া নিয়ে মিথ্যা ঘোষণার আইনি জটিলতা ও শাস্তির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়েছে, এতে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং এই ঘোষণা মিথ্যা বলে গণ্য হবে না। তবে শর্ত একটাই, সংশ্লিষ্ট ব্যক্তির নাম অন্য কোনও কেন্দ্র বা বিধানসভায় থাকতে পারবে না। আগামী ৩০ নভেম্বর এবং ২২ ডিসেম্বরের মধ্যে রাজ্যভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
