আগরতলা, নিজস্ব প্রতিনিধি:
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি পন্থ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠল। হাসপাতালের চেস্ট মেডিসিন ওয়ার্ডে শ্বাসকষ্টের রোগীদের জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনহেলার বা নেবুলাইজার মেশিনের চরম অভাব দেখা দিয়েছে। ওয়ার্ডে ১০ থেকে ১২ জনেরও বেশি গুরুতর শ্বাসকষ্টের রোগী ভর্তি থাকলেও, গোটা ওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে মাত্র একটি মেশিন।

হাসপাতাল সূত্রে এবং রোগীর পরিজনদের অভিযোগ অনুযায়ী, শ্বাসকষ্ট শুরু হলে রোগীদের তাৎক্ষণিক অক্সিজেন ও ওষুধ সরবরাহের জন্য এই মেশিনটি অপরিহার্য। কিন্তু রোগীর সংখ্যার তুলনায় মেশিন মাত্র একটি হওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে। একই সময়ে একাধিক রোগীর শ্বাসকষ্ট বাড়লে, একটি মেশিনের জন্য পরিজনদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যেখানে প্রতিটি মুহূর্ত রোগীদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে সামান্য একটি যন্ত্রের অভাবে সংকটাপন্ন রোগীদের জীবন নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
সচেতন মহলের মতে, জিবি হাসপাতাল রাজ্যের সর্বোচ্চ ও প্রধান রেফারেল হাসপাতাল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগীদের এখানে নিয়ে আসা হয়। খোদ এই প্রধান হাসপাতালেই যদি এমন ন্যূনতম এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের আকাল থাকে, তবে রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমা হাসপাতালগুলির প্রকৃত চিত্র কী, তা সহজেই অনুমেয়।

অবিলম্বে এই বিষয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেছেন রোগীর পরিজনরা। সামান্য চিকিৎসা সরঞ্জামের অভাবে যাতে আর কোনো রোগীর প্রাণহানি বা চরম ভোগান্তি না হয়, সেজন্য দ্রুত ওয়ার্ডে পর্যাপ্ত নেবুলাইজার মেশিন সরবরাহের জোরালো দাবি উঠেছে।
