Home BREAKING NEWS প্রণয় দে (জুন) হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের! গ্রেপ্তার মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার!

প্রণয় দে (জুন) হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের! গ্রেপ্তার মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার!

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়া প্রতিনিধি:


অবশেষে তেলিয়ামুড়ার বহুচর্চিত প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে মাইগঙ্গা এলাকার বাসিন্দা কৃষ্ণধন সরকার (৫০), পিতা মনীন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর রাতে তেলিয়ামুড়ার করুইলং এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে খোয়াই জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার আগের রাতে তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকা থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয় তেলিয়ামুড়ার জয়নগর এলাকার বাসিন্দা প্রণয় দে ওরফে জুনের মৃতদেহ। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও পরবর্তীতে মৃতের বাবা প্রদীপ কুমার দে-র অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নতুন মোড় নেয়। তাঁর অভিযোগের ভিত্তিতে হত্যাকাণ্ডের সম্ভাবনা সামনে রেখে তদন্ত শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ।
এই ঘটনায় তেলিয়ামুড়া থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩(১) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়। মামলার নম্বর TLM PS Case No. 55/26।
এরপর থেকেই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে গত ৩০ অক্টোবর রাতে তেলিয়ামুড়া বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারের পর প্রণয় দে (জুন) হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এই ঘটনার নেপথ্যে আর কারও যোগসূত্র রয়েছে কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

You may also like