Home আন্তর্জাতিক ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে মরিয়া হাসিনা, পাসপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি; কী সিদ্ধান্ত নেবে তারেক সরকার?

ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে মরিয়া হাসিনা, পাসপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি; কী সিদ্ধান্ত নেবে তারেক সরকার?

by News On Time Tripura
0 comment

রাসেল আহমেদ, ৯ই নভেম্বর ২০২৬:

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রত্যাবর্তনের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, সোমবার হাসিনার পক্ষে লন্ডনের প্রখ্যাত আইনি সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার’ দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি ইমেল পাঠিয়ে এই আবেদন করেছে।

২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই তাঁর কূটনৈতিক পাসপোর্ট ও যাবতীয় সরকারি নথিপত্র বাতিল করে দেয়। ফলে বর্তমানে বাংলাদেশের নাগরিক হিসেবে হাসিনার কাছে কোনো বৈধ ভ্রমণ নথি নেই। দেড় বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার পর, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এবার সেই সরকারের কাছেই নিজের নাগরিক অধিকার ও বৈধ নথিপত্র ফিরে পাওয়ার আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

হাইকমিশন সূত্রে এই চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-কে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, লন্ডনের আইনি সংস্থার মাধ্যমে পাঠানো শেখ হাসিনার আবেদনটি তাঁরা খতিয়ে দেখছেন এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, হাসিনার ঘনিষ্ঠ মহলের নেতা আবু ওবাইদা আরিন জানিয়েছেন, একজন নাগরিক হিসেবে মৌলিক অধিকার ফিরে পেতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেকোনো মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা।

তবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পথ মোটেও মসৃণ নয়। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ইতিমধ্যেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। ফলে দেশে পা রাখলেই তাঁর গ্রেফতার হওয়া বা সাজা কার্যকর হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদিও হাসিনার স্পষ্ট দাবি, গ্রেফতারি বা মৃত্যুর ভয় তাঁকে দমাতে পারবে না; প্রয়োজনে নিজের দেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত।

অন্যদিকে, তারেক রহমানের সরকার হাসিনাকে আদৌ সাধারণ পাসপোর্ট দেবে কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। কিছু দিন আগেই বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবীর প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনাকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁকে ‘পলাতক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, হাজার হাজার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না; বরং ভারতের সঙ্গে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে আসামি হিসেবেই ফিরিয়ে আনতে চায় ঢাকা। বিদেশমন্ত্রীর এই কড়া অবস্থানের মধ্যেই হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট চাওয়ার ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

You may also like