
বিলোনিয়া:
স্বজনপোষণ ও তোলাবাজির অভিযোগে সরব ৭ পঞ্চায়েত সদস্য। পৌর নির্বাচনের দামামা বাজার সাথে সাথেই পঞ্চায়েত রাজনীতিতে নতুন করে উত্তেজনা। এবার বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকের চিন্তামারা পঞ্চায়েতের প্রধান ধনীরাম ত্রিপুরার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব জমা দিলেন পঞ্চায়েতের সাতজন সদস্য।অভিযোগের তালিকায় রয়েছে স্বজনপোষণ, সরকারি অর্থের অপব্যবহার, ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায় এবং চাকরি দেওয়ার নাম করে টাকা সংগ্রহের মতো গুরুতর বিষয়।অনাস্থা প্রস্তাবকারী সদস্যদের অভিযোগ, প্রধান ধনীরাম ত্রিপুরা নিজের প্রভাব খাটিয়ে পরপর তাঁর দুই আপন ছোট ভাইয়ের স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের বাড়িতে সরকারি প্রকল্পের অধীনে দুই হর্সপাওয়ারের স্মল বোর ডিপ টিউবওয়েল বসানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।এছাড়াও সরকারি প্রকল্পের টাকা নয়ছয়, স্বজনপোষণ এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ তুলেছেন অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা। চাকরি দেওয়ার নাম করেও টাকা নেওয়ার অভিযোগ সামনে এনেছেন তাঁরা।এই সমস্ত অভিযোগের প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের মোট ১১ জন সদস্যের মধ্যে ৭ জন সদস্য আজ ভারতচন্দ্রনগর ব্লকের বিডিও অনামিকা দেববর্মার কাছে প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন।এখন দেখার বিষয়, সাতজন সদস্যের আনা এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং পঞ্চায়েতের ভবিষ্যৎ কোন দিকে এগোয়।তবে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে পঞ্চায়েত প্রধান ধনীরাম ত্রিপুরার বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগগুলির সত্যতা প্রশাসনিক তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
