
রাজস্থান:
ভারতের রাজস্থানে সীমান্তবর্তি এলাকার শ্রীগঙ্গানগর সেক্টরে উদ্ধার হল আইইডি, আরডিএক্সের মতো শক্তিশালী বিস্ফোরক। সাথে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, কয়েকশো কার্তুজ। ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে এই বিস্ফোরক এবং অস্ত্র ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে স্থানীয় পুলিশের সন্দেহ। পুলিশ আরও সন্দেহ করে রাজ্যে বড় কোনও নাশকতার প্লানিং ছিল । সূত্রের খবর, ১২ এবং ১৩ অক্টোবরের রাতে এই সব বিস্ফোরক এবং অস্ত্র রাজস্থানের সেই স্থানে ফেলা হয়। ওই দিন রাতে তিনটি ড্রোন সীমান্তের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে দাবি করছে স্থানীয়রা। পাকিস্তানের দিক থেকে ড্রোনগুলি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। নিরাপত্তা বাহিনী সেগুলিকে গুলি করে নামানোর চেষ্টা করতেই আবার পাকিস্তানের দিকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার সকালে সীমান্তের কাছে একটি জঙ্গল থেকে ওই বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়।
