আগরতলা:
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আগরতলা, ১২ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে রবিবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে যুক্ত হলো আরো একটি পালক।
মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্পোরেট স্টাইলে গড়ে ওঠা পুর নিগমের প্রথম ৫০ শয্যা বিশিষ্ট ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
সমগ্র আগরতলা সহ শহরতলীর বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে কর্পোরেট স্টাইলে গড়ে ওঠা এই হাসপাতালে।
তিনি বলেন, পাইলট প্রজেক্ট হিসাবে এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে, বাকি ১৯টি নগর সংস্থায় এই উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে প্রতিটি বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না কর, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর কমিশনার ও এনএইচএমের ত্রিপুরা মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এ সহ অন্যান্য আধিকারিকরা।
