Home BREAKING NEWS শিশুদের চাপে অনায়াসে উঠে আসছে পিচের আস্তরণ, রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

শিশুদের চাপে অনায়াসে উঠে আসছে পিচের আস্তরণ, রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

by News On Time Tripura
0 comment

সাব্রুম:

সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজার থেকে শ্রীনগর সংযোগকারী সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!সাব্রুম মহকুমার মনু বাজার থেকে শ্রীনগর যাওয়ার একমাত্র প্রধান সড়কটির বেহাল দশা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল। কোটি টাকার ব্যয়ে নির্মিত নতুন পিচ ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হওয়ার দু-একদিনের মধ্যেই আস্তরণ উঠে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিনের দাবি এবং মুখ্যমন্ত্রী ও সরকারের সদিচ্ছার ফলে সাব্রুম মহকুমার মনু বাজার থেকে শ্রীনগর যাতায়াতের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির পুনঃনির্মাণের জন্য কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, যে ঠিকাদারি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অত্যন্ত নিম্নমানের কাজ করছে। যা স্বচক্ষে দেখেও নীরব রয়েছে এই কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাব্রুম পূর্ত দপ্তরের (PWD) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ক্যামেরাতে স্পষ্টভাবে দেখা গেছে, তৈরি করা পিচের রাস্তা থেকে হাত দিয়েই অনায়াসে আস্তরণ তুলে ফেলছে ছোট ছোট শিশুরা। রাস্তার এমন কঙ্কালসার ও ভঙ্গুর দশা দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে নিত্যদিনের পথচারীরা । তাদের অভিযোগ, নাম মাত্র কাজ দেখিয়ে সরকারি বরাদ্দের বড় অংশ লুটপাট করা হচ্ছে।প্রতিবারই কাজের কদিনের মধ্যে রাস্তাটি আগের মতো খারাপ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রীনগর এলাকার নিত্যযাত্রী ও মনু বাজার থেকে যাতায়াতকারী সাধারণ মানুষের। ঠিকাদারি সংস্থার এই দায়িত্বজ্ঞানহীন ও নিম্নমানের কাজের বিরুদ্ধে এবার গণমাধ্যমকে সামনে এনে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা না কাটলে আগামী দিনে এই রাস্তা নিয়ে বড়সড় বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।এখন দেখার বিষয় সাব্রুম পুর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই রাস্তাটি নির্মাণ নিয়ে বহু অভিযোগ থাকা সত্ত্বেও কি ব্যবস্থা গ্রহণ করেন ?

You may also like