
আগরতলা:
পুর নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে,১৬টি পুর সংস্থার ৭০৪টি বুথের জন্য গঠিত ৯০৯টি টিম, নিযুক্ত ৪,৫৪৫ ভোটকর্মী।আসন্ন পুরনিগম ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চালাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোটগ্রহণের জন্য পোলিং পার্সোনেলদের তালিকা প্রস্তুত করার পাশাপাশি টিম গঠন ও কর্মী নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।তিনি জানান, রাজ্যের মোট ১টি পুরনিগম ও ১৫টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ৭০৪টি ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য মোট ৯০৯টি টিম গঠন করা হয়েছে। পুলিশ কর্মীদের বাদ দিয়ে ইতিমধ্যেই ৪ হাজার ৫৪৫ জন পোলিং পার্সোনেলকে নিয়োগ করা হয়েছে।কমিশন সচিব আরও জানান, আগামী ২১ ও ২২ নভেম্বর নির্বাচনী কাজে নিযুক্ত পুলিশ, পোলিং পার্সোনাল, টিএসআর এবং অন্যান্য কর্মীদের জন্য ইডিভি-র মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের নির্দিষ্ট ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ১৬টি পুর এলাকার জন্য পৃথক ফ্যাসিলিটেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।এছাড়া আগামী ২৫ নভেম্বর ভোটগ্রহণের কাজে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী যাচাইয়ের জন্য ম্যাটেরিয়াল চেকিং অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটকর্মীরা নিজ নিজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী সামগ্রী পরীক্ষা করবেন। পরদিন, অর্থাৎ ২৬ নভেম্বর টিম অনুযায়ী নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশে রওনা হবেন ভোটকর্মীরা।সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।
