
সাব্রুম:
করণ দাস নামে এক ব্যক্তি আসামের ডিমা হাসাও থেকে ৪১ ওয়াগন (বুগি) পাথর বুকিং করে সাব্রুম রেল স্টেশনে এনেছে। সাব্রুম রেলওয়ে দপ্তরের বিশেষ সূত্র জানা গিয়েছে, স্থানীয় একটি সড়ক নির্মাণের জন্য এই পাথর আনা হলেও সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে বুকিং নথিতে ‘মেটালস্’-এর উল্লেখ করে বাস্তবে বড় বোল্ডার আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিয়ম অনুযায়ী, রাজ্যের চুরাইবাড়ি সহ অন্যান্য রেল ইয়ার্ডে ট্রানজিট পাস (টিপি)-র সাথে পণ্যের অমিল থাকলে পণ্য খালাসের অনুমতি মেলে না এবং বৈধ নথির অভাবে সাব্রুমের বনদপ্তর থেকেও ‘রি-টিপি’ ইস্যু করা হয় না। এমনকি অতীতেও এ ধরনের নথির অভাবে সাব্রুম বনদপ্তর বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করেছিল। তবে এখন করণ দাসের ক্ষেত্রে কেন নয়। এই ক্ষেত্রে সাব্রুম রেল ইয়ার্ডে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে।
নিয়ম অনুসারে, মালিকপক্ষের কাছে বৈধ টিপি এবং ইলেকট্রনিকলি ট্রান্সমিটেড রেলওয়ে রিসিপ্ট (eT-RR) না থাকলে ওয়াগনের সিল খোলা যায় না। এ বিষয়ে সাংবাদিকরা সাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিটিসি মিঠুন বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি সকাল ৯টায় জানান যে তখনো কোনো eT-RR আসেনি। এমনকি দুপুর ২টা নাগাদ পুনরায় eT-RR দেখানোর কথা বললেও তিনি না আসার কথাই জানান এবং তা দেখাতে পারেননি । অথচ আশ্চর্যজনকভাবে, এর আগেই রেলের বুগির সিল খুলে শ্রমিকদের দিয়ে বোল্ডারগুলো খালাস করে ফেলা হয়েছে। বৈধ নথি ছাড়াই কীভাবে এই অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ! সূত্রের খবর, টিপি ও রেল রিসিপ্টে মালিকের নামের অসামঞ্জস্যের কারণেই অনিয়মতান্ত্রিক পথে মাল খালাসের চেষ্টা চলছে। সাব্রুম রেল স্টেশন বিশেষ সূত্রে জানা গিয়েছে সাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন বিশ্বাস পাথরের মালিকের কাছ থেকে মোটা অংকেরঘুষ খেয়ে এইভাবে দীর্ঘদিন যাবত সম্পূর্ণ অনৈতিক কাজে ব্যস্ত হয়ে রয়েছে বলে অভিযোগ।
