Home BREAKING NEWS অনৈতিক ভাবে চাকরি থেকে ছাঁটাই..! সরকারকে পুনর্বহালের নির্দেশ দিল উচ্চ আদালত।

অনৈতিক ভাবে চাকরি থেকে ছাঁটাই..! সরকারকে পুনর্বহালের নির্দেশ দিল উচ্চ আদালত।

by News On Time Tripura
0 comment

আগরতলা:

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে চার অঙ্গনওয়াড়ি কর্মীকে বরখাস্ত। পুনর্বহালের নির্দেশ উচ্চ আদালতের।রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে বৈধভাবে নিযুক্ত চার অঙ্গনওয়াড়ি কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ উচ্চ আদালতের। বরখাস্ত হওয়া চার অঙ্গনওয়াড়ি কর্মীকে অবিলম্বে পুনর্বহাল করার পাশাপাশি তাঁদের বকেয়া বেতন ও ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। আগামী আট সপ্তাহের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক আবেদনকারীকে পাঁচ হাজার টাকা করে মামলার খরচ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের জানান, ২০২৩ সালের আগস্টে মাসে ডমবুরনগর আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। সম্পূর্ণ নিয়ম মেনে ওই প্রক্রিয়ায় চারজন নির্বাচিত হন এবং ২০২৩ সালের আগস্ট মাসে কাজে যোগ দেন। কিন্তু পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি মাসে তাঁদের নিয়োগ বাতিল করে দেয় প্রশাসন।আইনজীবীর অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগের দাবি জানানো হয়েছিল। সেই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেই জেলা প্রশাসন বৈধভাবে নিযুক্ত চার কর্মীর চাকরি বাতিল করে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে উচ্চ আদালতে রিট মামলা দায়ের করা হয়। সিঙ্গল বেঞ্চে প্রতিকার না পেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আবেদনকারীরা।প্রধান বিচারপতি এমএস রামচন্দ্র রাও এবং বিচারপতি এস দত্ত পুরকায়স্থ ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে প্রশাসনের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও বেআইনি বলে পর্যবেক্ষণ করেছে বলে জানান আইনজীবী। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক চাপের প্রভাব প্রশাসনিক সিদ্ধান্তকে কলুষিত করেছে বলেও আদালত উল্লেখ করেছে।আদালতের নির্দেশ অনুযায়ী, চারজনকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তাঁদের প্রাপ্য সমস্ত বকেয়া বেতন ও ভাতা আগামী আট সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মামলার খরচ দিতে হবে।এই রায়কে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ন্যায়বিচার হিসেবে উল্লেখ করে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, বৈধ নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের রাজনৈতিক পছন্দ-অপছন্দের কারণে চাকরিচ্যুত করা যায় না। প্রশাসনের প্রতিটি স্তরের আধিকারিকদের আইন মেনে দায়িত্ব পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

You may also like