Home ভারত দেওয়ালিতে বাজি ফাটানো ঘিরে উত্তেজনা, প্রতিবেশীর ছোড়া গুলিতে জখম রাষ্ট্রপতির দেহরক্ষী

দেওয়ালিতে বাজি ফাটানো ঘিরে উত্তেজনা, প্রতিবেশীর ছোড়া গুলিতে জখম রাষ্ট্রপতির দেহরক্ষী

by News On Time Tripura
0 comment

রাসেল আহমেদ, ১০ নভেম্বর, ২০২৬:

উৎসবের রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে সামান্য বচসা, আর তার জেরেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। প্রতিবেশীর ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন খোদ রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এক দেহরক্ষী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকায়। আহত ওই সেনা জওয়ানের নাম সৌরভ তোমর (২৬)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা জওয়ান সৌরভ দেওয়ালির ছুটি কাটাতে বাগপতের বাড়িতে ফিরেছিলেন। দেওয়ালির রাতে নিজের বাড়ির সামনেই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করে বাজি ফাটাচ্ছিলেন তিনি। কিন্তু সেই বাজি ফাটানো নিয়ে আচমকাই আপত্তি তোলেন তাঁদের দুই প্রতিবেশী ভাই— ধীরজ এবং মনু।

প্রাথমিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সৌরভের ভাই বিনীতের সঙ্গে ধীরজ ও মনুর কথা কাটাকাটি শুরু হয়। নিমেষের মধ্যে সেই তর্কাতর্কি হাতাহাতি ও চরম অশান্তির রূপ নেয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই পিস্তল বার করে গুলি চালিয়ে দেন ধীরজ। গুলিটি প্রথমে পাশের একটি দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়। ঠিক সেই দেওয়ালের কাছেই দাঁড়িয়ে ছিলেন সৌরভ। দেওয়াল থেকে ছিটকে এসে গুলিটি সরাসরি সৌরভের মাথায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, গুলি চালানোর পর সৌরভের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত ধীরজ।

অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় ২৬ বছর বয়সি সৌরভকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলিটি বার করতে সক্ষম হন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিপন্মুক্ত ওই সেনা জওয়ান এবং তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

You may also like