Home ভারত ই২০ পেট্রল নিয়ে দানা বাঁধছে বিতর্ক: কর্নাটকের পর এ বার কেরলমের পাম্পে আচমকা হানা সরকারের

ই২০ পেট্রল নিয়ে দানা বাঁধছে বিতর্ক: কর্নাটকের পর এ বার কেরলমের পাম্পে আচমকা হানা সরকারের

by News On Time Tripura
0 comment

রাসেল আহমেদ, ৯ই নভেম্বর ২০২৬:

ই২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রলের গুণমান ঘিরে তৈরি হওয়া বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। কর্নাটকের পর এ বার কেরলম (কেরল) সরকারও পেট্রলে অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ শুরু করেছে। সোমবার ভিডি সতীশনের নেতৃত্বাধীন কেরলমের কংগ্রেস সরকার রাজ্যের বিভিন্ন পেট্রল পাম্পে আচমকা পরিদর্শন ও নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে।

দীর্ঘদিন ধরেই রাজ্যের গাড়িচালকেরা অভিযোগ করছিলেন যে, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইথানল মেশানো পেট্রল ব্যবহারের ফলে তাঁদের গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং আর্থিক লোকসান গুনতে হচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সাধারণ মানুষের এই ক্ষোভ ও উদ্বেগের কথা মাথায় রেখেই তিরুঅনন্তপুরম, এরনাকুলম, কোঝিকোড় এবং কন্নুর—এই চার জেলার পেট্রল পাম্পগুলিতে ‘সারপ্রাইজ় ভিজিট’ বা আচমকা অভিযান শুরু করেছেন সরকারি আধিকারিকেরা।

কেরলমের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অনূপ জেকব জানিয়েছেন, পাম্পগুলি থেকে ই২০ পেট্রলের নমুনা সংগ্রহ করে তা সরকারি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে এবং আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে আসবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, পরীক্ষায় কোনও পেট্রল পাম্পে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে অবিলম্বে সেই পাম্পটি সিল করে দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই ই২০ পেট্রল নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছিল। গত সপ্তাহে কর্নাটক সরকারের একটি চাঞ্চল্যকর দাবির পর সেই বিতর্ক নতুন মাত্রা পায়। কর্নাটক সরকারের অভিযোগ ছিল, তেল বিপণনকারী সংস্থাগুলির বিক্রি করা ই২০ পেট্রলে ইথানলের মাত্রা ২০ শতাংশের বদলে ২৬ থেকে ৩২ শতাংশ (কোথাও বা ৩১.২ শতাংশ) পর্যন্ত পাওয়া গিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত গাড়িচালকদের জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণেরও দাবি জানায় তারা। যদিও কর্নাটকের সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রী হরদীপ সিংহ পুরীর মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দেশজুড়ে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর নির্ধারিত মানদণ্ড মেনেই ই২০ জ্বালানি তৈরি ও বিক্রি করা হচ্ছে। কেন্দ্রের দাবি, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নমুনা পরীক্ষায় ইথানলের মাত্রা ১৯ থেকে ২১ শতাংশের মধ্যেই পাওয়া গিয়েছে, যা সম্পূর্ণ নিয়মমাফিক। কেন্দ্রের এই আশ্বাসের মাঝেই এ বার কেরলম সরকারের নিজস্ব তদন্তের সিদ্ধান্ত বিতর্কটিকে আবারও উসকে দিল।

You may also like